ভালুকায় পৌর প্রশাসকের উদ্যোগে গঠিত হলো পৌর পুলিশ দল
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি – “একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়তে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ”—এমন অঙ্গীকার নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।
পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল রোধ এবং যানজট নিয়ন্ত্রণে ৮ সদস্যের পৌর পুলিশ দল গঠন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দলটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবে।
পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন বলেন- “বাসস্ট্যান্ডের চারপাশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পথচারী ও যাত্রীদের ভোগান্তি লাঘবে আমরা এই বিশেষ দল গঠন করেছি। কোনো অবৈধ দখল সহ্য করা হবে না।”
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—“পৌর প্রশাসনের এ উদ্যোগে উপজেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে। শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
এদিকে স্থানীয়রা ও যাত্রীরা পৌর পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিয়মিত নজরদারি থাকলে ভালুকা বাসস্ট্যান্ড হবে পরিচ্ছন্ন ও নিরাপদ।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































